Thursday, November 06, 2008

খোকার সুখ


মা বলেছেন, "উঠ্ রে খোকা...
জলদি নেয়ে নে...
সানকি ভরা পান্তা আছে...
জলদি খেয়ে নে..."

খোকার চোখের ঘুমটি পালায়
শুনে মায়ের হাঁক...
বেলা হলেও পেটের ভিতর
দেয় নি খিদেয় ডাক।

অলস পায়ে গুটি গুটি
পুকুর পাড়ে যায়,
চুপটি বসে জলের পানে
চোখদু'টি বুলায়।

জলের উপর রোদের খেলা
সবে হল শুরু,
জলের মাঝে পুটির ছানা
দুষ্টুমির গুরু!

বাঁশঝারেতে ডেকে উঠে
অচিন কোন পাখি,
কচুর পাতা কচি হলো
রবির কিরণ মাখি।

সময় ভুলে লক্ষীছেলে
হাঁটুতে মাথা গুঁজে-
প্রকৃতিতে সবটুকু সুখ
হঠাৎ নিল খুঁজে...

No comments: